'সহিংসতার বিরুদ্দে সোচ্চার হয়ে মানবতার শক্তিতে উজ্জীবীত হও’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন।
বৃস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজ উদ্দীন সিনেট ভবনের চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম সাইদুর রহমান খান। রাবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (আরইউমুনা) চতুর্থবারের মতো এ সম্মেলনের আয়োজন করেছে।
অধ্যাপক সাইদুর রহমান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধুমাত্র অ্যাকাডেমিক পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদেরকে বাইরের জগৎ সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। নিজেকে এগিয়ে রাখতে হলে অবশ্যই নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অজয় কুমার মিশ্র বলেন, ‘বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমালোচনার করে সম্ভাব্য সমাধানের পথ বের করা হয় এ ধরনের সম্মেলনগুলোতে। বর্তমানে বাংলাদেশ ও ভারতে রোহিঙ্গা ও জঙ্গিবাদ একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতের এ সম্মেলনগুলো বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানে উপায় বের করলে আমারা উভয় দেশ উপকৃত হবে।’
সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপালের ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিনশো শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তারা আটটি কমিটিতে বিভক্ত হয়ে নিদিষ্ট এজেন্ডার আলোকে আন্তর্জাতিক বিষয় বা সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবেন।
এবারের সম্মেলনের কমিটিগুলো হল- নিরাপত্তা পরিষদ, মানবধিকার পরিষদ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, বাংলাদেশ বিষয় বিশেষায়িত কমিটি, আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক কমিটি, আন্তর্জাতিক সমুদ্র সংস্থা।
অনুষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কমিটি সেশনগুলো অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। সম্মেলনের শেষ দিন অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার বিতরেণর মাধ্যমে এবারের সম্মেলন শেষ হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, মার্কেটিং বিভাগের অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা প্রধান শাহ আজম শান্তনু প্রমুখসহ আরও অনেকে।








