কেউ তৈরি করছেন মুখোশ, কেউবা আঁকছেন আল্পনা। আবার কেউ তৈরি করছেন নানা কারুকার্য সংবলিত হস্তশিল্প। সকলের উদ্দেশ্য একটাই। বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ উপলক্ষে চিরচায়িত সংস্কৃতি ফুটিয়ে তোলা। নতুন বর্ষকে বরণ করে নিতে এভাবেই ব্যস্ত সময় পার করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ বছর পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে প্রশাসন। প্রায় ৭৫টি স্টল জাঁকজমকপূর্ণ আয়োজন রয়েছে মেলায়। এদিকে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে বাংলা, ফোকলোর স্টাডিজসহ বিভিন্ন বিভাগে চলছে বর্ণিল প্রস্তুতি। বিভাগের সিড়ি, মেঝে ও সড়ক গুলোতে ফুটে উঠছে আল্পনার রঙিন কারুকর্য।
পিছিয়ে নেই সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তারুণ্য, বুনন, স্বপ্ন সাহিত্যসহ অন্যান্য সংগঠনগুলোর সদস্যরা বৈশাখী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।
বৈশাখী উদযাপন নিয়ে আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন বলেন, ‘বাঙালির হাজার বছরের ঐতিহ্য আমাদের এই বৈশাখ। আমাদের সম্প্রীতি, পারস্পারিক বন্ধন ও সহানুভূতিগুলো বজায় রেখেছে আমাদের এই বৈশাখী উৎসব। তাই এই উৎসবকে বরণ করে নিতে আমাদের প্রস্তুতি চলছে।’ বৈশাখের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজওয়ানুল ইসলাম। তিনি বলেন, ‘বরাবরের মতো এবারও আমরা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করতে যাচ্ছি। মেলায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের শিল্পীদের অংশগ্রহণে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সব মিলে সকল প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।’








