রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি ৫০০ টাকা করাসহ চার দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে- একাধিক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান, প্রতি ইউনিটে ৩২ হাজার সিলেকশন পদ্ধতি বাতিল এবং নতুন বিভাগ খোলা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এখানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনায় না নিয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি উচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ধরে রাখতে আমরা যেসব যৌক্তিক দাবি জানিয়েছি সেগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা করতে হবে।’
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম, আইইআর বিভাগের খন্দকার নাসিম, তানজিমসহ আরও অনেকে। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তিচ্ছুককে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনের পর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগপ্রাপ্ত ভর্তিচ্ছুদেরকে ফের ১ হাজার ৯৮০ টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে। এরপর থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।








