বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার ( ৭ অক্টোবর ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিবিএভবনের সামনে অবস্থিত গুচ্ছ ভাস্কর্যে এসে শেষ হয়।
এসময় মিছিল থেকে ‘ আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ আবরার মরে নাই, মরে গেছে বাংলাদেশ’, ‘ আবরারের রক্ত বৃথা যেতে দিবো না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে গুচ্ছ ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জবি শাখার সভাপতি তূর্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বাংলাদেশ গড়বে, পৃথিবী গড়বে তাদের জীবন আজ বিপর্যয়ের মুখে। সুযোগসন্ধানীরা বিভিন্নভাবে প্রশাসনের ও বিভিন্ন দলের নাম করে সাধারণ শিক্ষার্থীদের উপর যে ধরনের নির্যাতন ও হত্যাকাণ্ড চালায় তার তীব্র নিন্দা জানাই।








