ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হিমু পরিবহন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এবারের প্রতিপাদ্য ছিল 'সচেতন হই, সচেতন করি'।
র্যালির মাধ্যমে দুইদিনের এই আয়োজন শুরু হয়। এরপর চলে দিনব্যাপী সেমিনার। রোকেয়া হল, শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় সেমিনার। প্রথমদিন তিনটি হলে এবং শেষদিন দুইটি হল মিলিয়ে পাঁচটি হলে অনুষ্ঠিত হয় সেমিনার। একজন বিশেষজ্ঞ ডাক্তার উপস্তিত থেকে হলের শিক্ষার্থীদের স্তন ক্যানসারের বিষয়ে বিশদ অবহিত করেন। এরপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয় রোকেয়া হলে। এরপর শামসুন্নাহার হল এবং সুফিয়া কামাল হলেও একইভাবে সেমিনার আয়োজন করা হয়। দ্বিতীয়দিন বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সেমিনার আয়োজনের মাধ্যমে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের।
আয়োজন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় হিমু পরিবহনের সভাপতি শামসুন্নাহার সুমা জানান, ‘এটি আমাদের একটি নিয়মিত কার্যক্রমের অংশ। হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহন সারাদেশে ক্যান্সার সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্তন ক্যানসার বিষয়ে সচেতন করতে আমাদের এই উদ্যোগ।’








