ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স স্টাডি সেন্টারের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘২য় বাংলাদেশ অর্থনীতি সম্মেলন-২০১৯’। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে শনিবার (২ নভেম্বর) পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর সম্মানিত মহাপরিচালক ড.কে এ এস মুরশিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও ইএসসির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. শফিক উজ জামান।
এ বছরের সামিটের মূল উপপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ: প্রেক্ষাপট বাংলাদেশ’। এটিকে কেন্দ্র করেই শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সুশাসন ইত্যাদি বিষয়ের উপর সংলাপ,পলিসি বিতর্ক, গবেষণা প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা ইত্যাদি আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের শুরুতে ইএসসির সভাপতি তাহমিদ হাসান ও সাধারণ সম্পাদক রাফিউল মাহমুদ চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান। তাহমিদ হাসান আশা করেন এই সামিট পরবর্তী বছরগুলোতে এই বছরের ধারা বজায় রেখে আরও সাফল্যমণ্ডিত হবে। রাফিউল মাহমুদ বলেন ‘ইএসসি তরুণদের তাদের চিন্তাধারাগুলো প্রকাশের সুযোগ করে দিতে চায়।’
ড. শফিক উজ জামান আয়োজকদের অভিনন্দন জানান এরকম সুন্দর আয়োজনের জন্য। তিনি বলেন শিক্ষার্থীরা তাদের পুঁথিগত পড়াশোনার পাশাপাশি নানা ধরণের জ্ঞান লাভ করতে পারছে এই সংগঠনটির মাধ্যমে। তিনি তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
কে এ এস মুরশিদ আয়োজকদের অভিনন্দন জানান। তিনি বলেন গত কয়েক বছরে বাংলাদেশে আগের তুলনায় ব্যাপক উন্নতি করেছে। দেশে শিক্ষিতের হার বেড়েছে অনেকাংশে। তিনি বলেন বর্তমানের তরুণেরা পূর্ববর্তী সকল প্রজন্মের তুলনায় সবচেয়ে সুন্দর সময়টায় রয়েছে। তিনি তরুণদের আরও সাহসী হয়ে নতুন নতুন উদ্যোগ নেবার অনুপ্রেরণা দেন। তিনি তরুণদের আরও বেশি গবেষণায় আসার পরামর্শ দেন।
উল্লেখ্য, ১৯৭৩ সালের প্রতিষ্ঠার পর থেকে ইকোনমিক্স স্টাডি সেন্টার (ইএসসি) অর্থনীতি বিভাগের একটি অগ্রগামী ছাত্র সংগঠন হিসেবে কাজ করছে। মূলত শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও বৈষয়িক চিন্তার প্রসারের লক্ষে কাজ করে যাচ্ছে সংগঠনটি।








