সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৭টি জেলার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৯ (সিলেট আঞ্চলিক পর্ব) শুরু হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে গণিত বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অলিম্পিয়াড আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়।
সিলেট অঞ্চলের আহবায়ক ও শাবির গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধন কালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা যে বিষয়ই পড়ি না কেন গণিত আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ। গণিতকে ভালোবাসতে হবে। আর দেশকে এগিয়ে নিতে হলে গণিত চর্চার বিকল্প নেই।
উপাচার্য আরো বলেন, আমরা সত্তরের দশকেও অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছি যেখানে বিভিন্ন গুণ-ভাগ করতে হতো। সময়ের প্রয়োজনে এখন তা বৃহৎ আকারে চলে গেছে। যা তরুণ প্রজন্মেও মেধার বিকাশে বিরাট ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম সেন্টার অব এক্সিলেন্স এর পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সাজেদুল করিম, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. নাজনীন আক্তার, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাক আহমেদ ও প্রভাষক এ বি এস মানিক মুনসী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-সি এর ২০৯ ও ২১৮ নং কক্ষে এ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অলিম্পয়াডের (আঞ্চলিক পর্ব) এর সদস্য সচিব অধ্যাপক মো. শাহ নুর এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। তিনি জানান, দুপুরে প্রশ্নোত্তর পর্বের শেষে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।
তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর দেশের ৮ টি অঞ্চলে অনুষ্ঠিত আঞ্চলিক পর্ব থেকে বাছাইকৃত ৮০ জন প্রতিযোগীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এ অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। যেখানে গণিত অলিম্পিয়াড সিলেট অঞ্চল থেকে ২জন মেয়েসহ ১০ জন অংশগ্রহণের সুযোগ পাবে।’
উল্লেখ্য, বাংলাদেশ গণিত সমিতি তত্ত্বাবধানে ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সৌজন্যে আয়োজিত ১১তম এ অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।








