দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ, স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ বিভাগ, রোভার স্কাউট, সাংবাদিকবৃন্দ, কনজুমার ইয়্যুথ বাংলাদেশ, মেস মালিক সমিতি, বাস মালিক সমিতি সহ বিভিন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত লোকাল বাস সার্ভিস প্রদান, শহরের যেকোনও স্থান থেকে ভাড়া ১০ টাকা নির্ধারণসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ফায়ার সার্ভিসের টিম ও বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের পাশাপাশি মেডিক্যাল কলেজ ও সদর হাসপাতালের একটি টিম স্ট্যান্ড বাই থাকবে বলে জানানো হয়। রেলস্টশন ও কালীতলায় পুলিশ টিমের পাশাপাশি স্পেশাল হট লাইন থাকবে। থাকবে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খালেদ হাসান বলেন, ‘সংশ্লিষ্টদের সাথে ধাপে ধাপে আরও কয়েকটি মিটিং অনুষ্ঠিত হবে। মেস মালিকদের সাথে সভা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষার সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
উল্লেখ্য, এ বছর ২ থেকে ৫ ডিসেম্বর হাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী ভর্তি পরীক্ষার ১ম দিন ‘ডি’ ইউনিট, ২য় দিন ‘এ’ ইউনিট, ৩য় দিন ‘বি’ ইউনিট এবং সর্বশেষ ৪র্থ দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত শিফট অনুযায়ী অনুষ্ঠিত হবে। এবার ২০০৫ টি আসনের বিপরীতে হাবিপ্রবিতে আবেদন করেছেন ৯৬ হাজার ৭২৩ জন শিক্ষার্থী।








