কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হলের মধ্যে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জানুয়ারি) রাত ১১টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে এই মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।
মারধরের শিকার সজীব বণিক দৈনিক বিজনেস বাংলাদেশ নামে একটি পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। অভিযুক্ত ছাত্রলীগ সদস্যরা হলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মিরাজ খলিফা, যুগ্ম-সম্পাদক ইমতিয়াজ শাহরিয়া, ছাত্রলীগ কর্মী রাজু আহমেদসহ আরও বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে হলের ২০৪ নম্বার রুমে সিট নিয়ে সজীব বণিক ও ছাত্রলীগকর্মী রাজু আহমেদের বাকবিতণ্ডা হয়। দুজনের মাঝে দ্বন্দ্ব বেঁধে যাবার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ও হল ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মিরাজ খলিফা, হলের যুগ্ম-সম্পাদক ইমতিয়াজ শাহরিয়া, ছাত্রলীগ নেতা রাজু আহমেদসহ বেশ কয়েকজন সজীবকে মারধর করেন।
মারধরের শিকার সাংবাদিক সজীব বণিক বলেন, মারধর করার সময় আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ছাত্রলীগ নেতারা। এছাড়া আমাকে ‘দেখে নেব’ বলেও হুমকি দেন তারা।
এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের একজন মিরাজ খলিফা অভিযোগের ব্যাপারটি অস্বীকার করে বলেন, আমি কারও গায়ে হাত তুলিনি। সাংবাদিক সজীবই প্রথম রাজুর গায়ে হাত তুলেছে। আমরা দুপক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছি। কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমি ক্যাম্পাসে নেই। দুপক্ষের কথাই শুনেছি। ক্যাম্পাসে এসে তদন্ত করবো। ছাত্রলীগের কেউ কারও গায়ে হাত তুলে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মো. জুলহাস মিয়া জানান, আমি ঘটনাটি শুনেছি। কারও গায়ে হাত তোলার অধিকার কোনও শিক্ষার্থীর নেই। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসে দ্রুত ব্যবস্থা নেবো। বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।








