কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানভিত্তিক ডয়েচে ভেলে একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেল রবিবার (২ ফেব্রুয়ারি)। কুমিল্লা বার্ডে (বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট) এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ, ডয়েচে ভেলে একাডেমির প্রতিনিধিবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। ‘নেটওয়ার্কিং কনফারেন্স অন জার্নালিজম এডুকেশন কানেক্টিং টু দ্য প্রফেশনালস’ শীর্ষক এই কনফারেন্স মোট তিনটি সেশনে বিভক্ত ছিল। গণমাধ্যমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ করণীয় নিয়ে দিনের প্রথম সেশন শুরু হয় সকাল ১০টায়। যেখানে প্যানেল আলোচনায় ডয়েচে ভেলে একাডেমির পলিসি অ্যান্ড কনসেপ্ট বিশেষজ্ঞ উডো প্র্যাঞ্জেলের সঞ্চালনায় অংশ নেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জুড ডব্লিউ. আর. জেনিলো, নিউ ইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলি মানিক ও প্রথম আলোর সাবেক বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।
আলোচনায় জুলফিকার আলি মানিক বলেন, ‘সংবাদের ভালো বিষয়বস্তুর সংকট বড় সংকট। পাশাপাশি গণমাধ্যমের মালিকপক্ষের ব্যবসায়িক চিন্তার ফলেও সাংবাদিকতা তার জৌলুস হারাচ্ছে।’
অন্যদিকে অধ্যাপক জুড বলেন, ‘গণমাধ্যমগুলোর ব্যবসায়িক মডেল এখনও নির্দিষ্ট নয়। এটি নির্দিষ্ট করে নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চললে গণমাধ্যমগুলোর সংকট মোকাবেলা সম্ভব।’
দ্বিতীয় সেশনে বেলা ১২টা থেকে মোবাইল জার্নালিজম নিয়ে আলোচনা করেন ইউল্যাবের সহকারী অধ্যাপক ড. কাবিল খান। দিনের শেষ সেশনে দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডাটা জার্নালিজম এবং সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন ডাটাফুলের প্রজেক্ট লিডার পলাশ দত্ত এবং ডিডব্লিও একাডেমির কনসালট্যান্ট ওলগা কিসেলম্যন।
প্রত্যেকটি সেশনে সাংবাদিকতার শিক্ষক এবং সাংবাদিকরা নিজেদের মাঝে মুক্ত আলোচনার মাধ্যমে তাত্ত্বিক এবং ব্যবহারিক সাংবাদিকতার যোগসূত্র ঘটানোর চেষ্টা করেন।
সেশন শেষ হবার পর বিকাল সাড়ে ৫টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান বেলাল হুসাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল হক, প্রথম আলো পত্রিকার সাবেক স্পোর্টস এডিটর ও ভেটেরান সাংবাদিক উৎপল শুভ্র, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ মামুন আবদুল্লাহ, ডি ডব্লিউ একাডেমির কান্ট্রি ম্যানেজার প্রিয়া এসেলবর্ন।
সম্মেলনের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।








