হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কাসেম,ট্রেজারার প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস,প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ খালিদ হোসেন,সকল অনুষদের ডিন,সকল বিভাগের শ্রেণি প্রতিনিধি, সাধারণ শিক্ষার্থীরাসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম বলেন,বর্তমানে পরিচিতি পর্ব বা ম্যানার শেখানোর নামে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের র্যাগিং দেওয়া হচ্ছে এটা অবশ্যই একটি বড় ধরনের সামাজিক অপরাধ। ইতোমধ্যেই আমাদের কাছে তথ্য এসেছে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের নামে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হচ্ছে। আদালত প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংবিরোধী কমিটি গঠনের পাশাপাশি কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। সুতরাং আমাদের কাছে সুনির্দিষ্ট কোনও অভিযোগ এলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
আলোচনা সভা শেষে র্যাগিংবিরোধী কমিটি গঠন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রক্টর ড. মোহাম্মদ খালিদ হোসেন।








