শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো নতুন সদস্য সংগ্রহের জন্য ‘সাংগঠনিক সপ্তাহ-২০২০’ কার্যক্রম শুরু করেছে।রবিবার (১ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘ডি’ এর সামনে ও অর্জুনতলায় সাংগঠনিক সপ্তাহ ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে বিভিন্ন সংগঠনের টেন্ট বসেছে।
সংগঠনগুলোর মধ্যে ভাষা চর্চা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন দিক থিয়েটার, ও শিকড়, ক্যারিয়ার বিষয়ক সংগঠন জিডিএন সাস্ট, সাহিত্য বিষয়ক সংগঠন সাস্ট সাহিত্য সংসদ, বিতর্ক বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও সাস্ট-স্কুল অব ডিবেট, বিজ্ঞানভিত্তিক সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনা জাতিসংঘের ছায়া সংগঠন সাস্ট মুনা ও প্রথম আলো বন্ধুসভা তাদের সাংগঠনিক সপ্তাহ পালন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়া অন্যান্য সংগঠনগুলো আগামী সপ্তাহ থেকে তাদের সাংগঠনিক সপ্তাহ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জানা গেছে।
শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের সভাপতি সায়েল আহমদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিজেকে দক্ষ করে তুলতে স্পিকার্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এ বছরও নতুন সদস্য সংগ্রহ শুরু করেছি আমরা।’
জিডিএন সাস্টের সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, ‘জিডিএন সাস্ট বিশ্ববিদ্যালয়ের একটি ক্যারিয়ারমুখী সংগঠন। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কর্মক্ষেত্রে প্রয়োগিক জ্ঞান ও দক্ষতা অর্জনে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়ার সাথে বিভিন্ন সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে কজ করে যাচ্ছি আমরা। আমরা ক্যারিয়ার বিষয়ে নবাগতদেরকে সচেতন করতে চাই এ ক্লাবের মাধ্যমে।’
নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটারের সভাপতি অনিক সাহা বলেন, ‘প্রতিবছর এ সময়ে নবীন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। সাথে চলে নবীন শিক্ষার্থীদেরকে নিয়ে সংগঠনগুলোর নানা আয়োজন। মুখ্য উদ্দেশ্য থাকে ক্যাম্পাসের সাংস্কৃতিক অঙ্গনের সাথে নবীনদের পরিচয় করিয়ে দেওয়া। এর প্রেক্ষিতে ক্যাম্পাসের অর্জুনতলায় বসে নতুন সদস্য সংগ্রহের টেন্ট।’
শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মাসফিক আহসান হৃদয় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীর একটি বিতর্ক সংগঠন এসইউডিএস। দীর্ঘ ২৮ বছরের পথচলায় অনেক বিতার্কিত তৈরি হয়েছে। যারা বিভিন্ন সময় বাংলা ও ইংরেজি ভাষার উপর বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও আয়োজন করে। সেই ধারা অব্যাহত রেখে নতুন বিতার্কিক তৈরিতে সাংগঠনিক সপ্তাহে আমরা সদস্য সংগ্রহ করছি। যুক্তির মাধ্যমে কোনও বিষয় উপলব্ধির জন্য নবীন শিক্ষার্থী বিতর্ক সংগঠনে আসুক এটাই প্রত্যাশা।’
উল্লেখ্য, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ে ৫০ এর অধিক সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী, বিজ্ঞানভিত্তিক ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন রয়েছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি যোগ্য নেতৃত্ব তৈরিতে সহ-শিক্ষা কার্যক্রমের পরিচালনা করে আসছে এ সংগঠনগুলো। যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত রয়েছে। পাশাপাশি নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী, বিজ্ঞান ভিত্তিক ও ক্যারিয়ার বিষয়ক কার্যক্রমে অংশ নিয়ে আসছে সংগঠনগুলো।








