করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জনসমাগম ঘটে এমন সকল প্রকার অনুষ্ঠান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জনসমাগম হয় এমন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায়। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ ছোট পরিসরে মুজিববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘মুজিববর্ষ উদযাপন কমিটির বৈঠকে ক্যাম্পাসে জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আজ থেকেই কার্যকর হবে।’
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আহ্বায়ক পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রী হলগুলোর গণরুমে থাকা ছাত্রীদের বিভিন্ন রুমে সরিয়ে নেওয়ার সিদ্ধন্ত হয়।
হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘ছাত্রদের হলগুলোতে গণরুম না থাকলেও ছাত্রীদের হলে বেশ কয়েকটি গণরুম রয়েছে। এসব রুমে অনেক ছাত্রীকে একসঙ্গে থাকতে হয়। তাই নতুন করে সিট বন্টন না করে গণরুমে অবস্থান করা ছাত্রীদের দুই-একজন করে অন্য রুমে স্থানান্তর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’








