করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের সিআর (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) ও ছাত্রনেতাদের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল থেকে সকল বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে।
মিটিংয়ে থাকা একাধিক সিআর ও ছাত্রনেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পাশে বাহাদুরশাহ পার্কে একত্রিত হন ক্লাস রিপ্রেজেন্টেটিভ ও ছাত্রনেতারা। এসময়
বিভিন্ন ডিপার্টমেন্টের ৬০ জন ক্লাস রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন। প্রায় ১ ঘন্টা আলোচনা শেষে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেন তারা।
মিটিংয়ের প্রসঙ্গে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মিশু বলেন, আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম, প্রায় ১০০ জন সিআর মিটিং এসেছিলেন। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্লাস-বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
মিটিংয়ে উপস্থিত থাকা, ৭দফা আন্দোলনের সংগঠক তাওসিব সোহান বলেন, মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাত্র সাত একর জায়গায় প্রায় ২২ হাজার শিক্ষার্থী। তারপর হল না থাকায় পুরান ঢাকার এই ঘনবসতিপূর্ণ ও ঘিঞ্জি এলাকায় শিক্ষার্থীদের থাকতে হয়। তাছাড়া পাশেই সদরঘাট, সারাদেশ থেকে হাজার-হাজার মানুষ প্রতিদিন আসছে। সবকিছু বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব বাজে অবস্থায় আছে। তাই করোনা মহামারী ছড়ানোর আগেই ব্যবস্থা নেওয়া জরুরি ছিল। সর্বসম্মতিক্রমে আমরা ক্লাস বর্জনের ঘোষণা দিচ্ছি।
শিক্ষার্থীদের ক্লাস বর্জনের বিষটি অবগত আছেন কি জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ওহিদুজ্জামান বলেন, আমি ফেসবুকে বিষটি দেখেছি। বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে এখনও কোনও আলোচনা আমাদের হয়নি। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলে তাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে কথা বলতে হবে এবং তাদের জানাতে হবে।








