শিক্ষার্থীদের চলমান মেস ভাড়া সংক্রান্ত সমস্যাসমূহ চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় করণীয় সুপারিশ করার জন্য কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নূর মোহাম্মদকে দায়িত্ব দিয়ে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক অফিস আদেশে এ কথা জানান।
অফিস আদেশে বলা হয়, ড. নূর মোহাম্মদ ভাড়া সংক্রান্ত সমস্যায় ভোগান্তিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা সমাধানে পরামর্শ দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের করণীয় সুপারিশ করবেন।
সুপারিশ কমিটির দায়িত্বে থাকা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নূর মোহাম্মদ বলেন, ‘মেসে থাকেন এমন শিক্ষার্থীদের সমস্যাগুলোকে ৪টি ভাগে করা হবে। যেমন, সমস্যার দিক থেকে মৃদু সমস্যা, মধ্যম সমস্যা, গুরুতর সমস্যা ও চরম সমস্যা। বাড়িওয়ালাদের ক্ষেত্রেও ৪ ভাগে ভাগ করে কাজ করা হবে।’
ছাত্র প্রতিনিধিরা কোনও প্রস্তাবনা দিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাসা ভাড়া সমস্যা সমাধানে যারা কাজ করছেন, তারা অব্যশ্যই প্রস্তাবনা দিতে পারবেন।’
বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জবির ৭ দফা আন্দোলনের সমন্বয়কারী রাইসুল ইসলাম নয়ন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। করোনা সংকটের প্রথম থেকেই আমরা যারা শিক্ষার্থীদের মেস ভাড়ার সমস্যা নিয়ে কাজ করছিলাম, তাদের নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪ দফা প্রস্তাব রাখা হয়েছিল। আমরা আশা করি এই কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের ৪ দফা বাস্তবায়ন হবে এবং মেস ভাড়া সমস্যার দ্রুত সমাধান হবে।’
প্রসঙ্গত, এর আগে মেস ভাড়া সমস্যার সমাধানের জন্য ৪ দফা প্রস্তাব দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। ৪ দফার মধ্যে রয়েছে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দ্রুত মেস ভাড়া কমপক্ষে ৫০% মওকুফের ব্যবস্থা নেওয়া, সেমিস্টার ফিসহ অন্যান্য ফি মওকুফ করা এবং ক্যাম্পাস খোলার এক সপ্তাহের মধ্যেই ছাত্রী হল চালু করা।








