নোয়াখালীর বেগমগঞ্জসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার (৫ অক্টোবর ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি জানান। শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ দেশের কোনও জায়গায় নারীরা নিরাপদ নয়। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, ভ্রমণের সময় যানবাহনে সব জায়গায় নারীরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। তাহলে নারীরা কীভাবে চলবে? রাষ্ট্র নারীকে কতটা নিরাপদে রাখতে পারছে? প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও ধর্ষকরা সমাজে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে আমরা জানতে চাই তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? সঠিক পদক্ষেপের অভাবে তারা ধর্ষণে উৎসাহিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গঠনের উদ্যোগ নিয়েছিলেন, সে স্বপ্ন আজ ধূলিসাৎ হতে চলেছে। ‘বিচারহীনতার’ সংস্কৃতির কারণে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এ সময় বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, নারীর নিরাপত্তা দাও রাষ্ট্র’সহ প্রভৃতি প্ল্যাকার্ড দেখা যায়।
কর্মসূচিতে বক্তব্য দেন ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম, দর্শন বিভাগের শিক্ষার্থী শিপা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাপ্পী ওবায়দুল্লাহ, ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আবদুল হামিদ, বাংলা বিভাগের শিক্ষার্থী আঁখিসহ আরও অনেকে। মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ত্রিশজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।








