সারাদেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২য় গেট এবং জাতীয় সংসদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।
এছাড়া অন্যান্য দাবিগুলো হলো- প্রমাণিত ধর্ষকের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া ছাড়াই জনসম্মুখে ফাঁসির বিধান কার্যকর করা, ইতোপূর্বে ঘটে যাওয়া প্রতিটা ধর্ষণের বিচার কাজ দ্রুত শেষ করে ফাঁসিতে ঝুলানো, অপরাধীর প্রশ্রয়দাতাকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ, ধর্ষণ প্রতিরোধে প্রতিটা জেলায় আলাদা টাস্কফোর্স গঠন করা, নির্জন জায়গায় সিসি টিভি ক্যামেরা স্থাপন ইত্যাদি।








