রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল বর্ষের ভর্তির প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে। এতে করে বিভিন্ন বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের বিভিন্ন অফিস কিংবা ব্যাংকে যাওয়ার ভোগান্তি থাকবে না। এর আগে কেবল প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হতো। সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিন বেলা ১১টায় উপাচার্য ভবনে এ সংক্রান্ত আয়োজনে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ কার্যক্রমের প্রাথমিক ধারণা দেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম। পরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ এফ এম মাহবুবুর রহমান এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন।
জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, পূর্বে কেবল স্নাতক প্রথম বর্ষে ভর্তির সব কার্যক্রম ও প্রয়োজনীয় ফি পরিশোধ সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করা যেত। এখন অন্য বর্ষের ভর্তি প্রক্রিয়াও অনলাইনে করা যাবে। এজন্য শিক্ষার্থীদের অন্য কোনও অফিস বা ব্যাংকে যেতে হবে না।
উপাচার্য ভবনে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক আবু বকর মো. ইসমাইল, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।








