শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়টির উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলামকে ট্রেজারার পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও আচার্য মো. আব্দুল হামিদ। বুধবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। যোগদানের দিন থেকে চার বছর মেয়াদে নিয়োগ পাওয়া এই অধ্যপকের নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে উক্ত মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন।
ট্রেজারার পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম রংপুর জেলার কাউনিয়া উপজেলায় জন্মগ্রহন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। নরওয়েজিয়ান ইউনির্ভাসিটি অব লাইফ সাইন্স থেকে স্নাতকোত্তর ও পিএইচডি এবং পোস্ট ডক্টরেট অজর্ন করেন।
অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের ৬০টিরও বেশি গবেষণামূলক প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশ হয়। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তিনি বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের সদস্য, পোস্ট গ্র্যাজুয়েট ডিন, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি পরিচালক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) -এর পরিচালক, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্টসহ বিভিন্ন দায়িত্বে কর্মরত ছিলেন।
উচ্চশিক্ষা বিস্তারে তিনি ‘নর্থবেঙ্গল পদক-২০১৭’ লাভ করেন। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি কর্তৃক শিক্ষাবিদ হিসেবে বিশেষ অবদানের জন্য ‘স্যার সলিমুল্লাহ পদক-২০১৭’, কবি নজরুল স্মৃতি পদক-২০১৮ এবং এডুকেশন অ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেন। বাংলাভিশন ফাউন্ডেশন কর্তৃক উচ্চতর কৃষি শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য ‘নবাব সিরাজ-উদ-দৌলা’ পদক অর্জন করেন।








