‘আমার মুক্তির আলোয় আলোয়’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ১৩তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’ (জেইউডিও) বিতর্ক প্রতিযোগিতাটির আয়োজন করে।
গত ১১-১২ ডিসেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক ১৬টি হল থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বেগম সুফিয়া কামাল হল এবং রানার্সআপ আ ফ ম কামাল উদ্দিন হল।
বিজয়ী দলের বিতার্কিকরা হলেন ফাহমিনা সরকার বর্ষা (৪৫ ব্যাচ), তাসফিয়া আফরিন ফারিয়া (৪৬ ব্যাচ) এবং সুমাইয়া তাসনোভা (৪৬ ব্যাচ)।
রানার্সআপ দলের বিতার্কিকরা হলেন সাজিদ হাসান চৌধুরি অভি (৪৫ ব্যাচ), নূর আহম্মদ হোসেন বিন্দু (৪৫ ব্যাচ), আবদুল্লাহ আল হাবিব (৪৮ ব্যাচ) এবং মাসুম হাসান (৪৮ ব্যাচ)।
ফাইনাল বিতর্কের ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হয়েছেন বেগম সুফিয়া কামাল হলের শিক্ষার্থী ফাহমিনা সরকার বর্ষা। আর টুর্নামেন্ট সেরা বিতার্কিকের খেতাব পেয়েছেন প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী সাহারা আক্তার লিমা।
আন্তঃহল বিতর্কের পাশাপাশি ইংরেজি ‘পাবলিক স্পিকিং’ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনে। এতে চ্যাম্পিয়ন হয়েছে তাসফিয়া আফরিন ফারিয়া এবং প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে যথাক্রমে- সুমাইয়া হিয়া এবং জিল্লাল হোসেন সৌরভ।
এছাড়া ‘বারোয়ারী’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রোকেয়া আশা এবং প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে যথাক্রমে- তাসফিয়া আফরিন ফারিয়া এবং হাসান মাহমুদ সম্রাট।
করোনা মহামারির কারণে প্রথমবারের মতো অনলাইনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেইউডি’র সম্পাদক শফি মাহমুদ সাগরের সঞ্চালনায় ফলাফল ঘোষণা ও সমাপনি অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের মডারেটর অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি ড. মোতাহের হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান, জেইউডিও’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আহমেদ চৌধুরী মামুন, জেইউডিও’র সাবেক সভাপতি মুকসিমুল আহসান অপু এবং জেইউডিও’র বর্তমান সভাপতি তাজরিন ইসলাম তন্বী।








