বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি।
সকাল ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে দশটায় বিজয় র্যালি ও ১০টা ৪০ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আলাচনা সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এমরান কবির চৌধুরী বলেন, 'আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র পরিচালনায় বেশি সময় পাননি। তবে রাষ্ট্র পরিচালনার হেডলাইন তিনি তৈরি করে দিয়েছিলেন। সেই হেডলাইন অনুযায়ী যিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, তিনি বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।'
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, '১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর ঘোষণার মধ্য দিয়েই এই বাঙালি জাতি তার স্বাধীনতার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, উচ্চশিক্ষার জন্য, সুশিক্ষিত সভ্য জাতি হিসেবে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিল।'
বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। আলোকসজ্জায় সজ্জিত করা হয় প্রশাসনিক ভবন, উপাচার্য বাংলো, বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন দেয়াল ও হলসমূহ।








