ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকেকে হুমকি দেওয়ার ঘটনায় সেই সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৬ জানুয়ারি) দুপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিষয়টি তদন্তপূর্বক রিপোর্ট পেশ করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন ব্যবস্থাপনা বিভাগের ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছেন এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট পেশ করবে।’
প্রজ্ঞাপন অনুসারে, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মামুনুর রহমানকে আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. রেবা মণ্ডল।
জানা যায়, শুক্রবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে ‘মাথা ফাটিয়ে খুন’ করার হুমকি দেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামান। পরে ভুক্তভোগী শিক্ষক ওইদিন বিকেলে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরকে তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার উপাচার্যের নিকট তার আবাসিক সুবিধা বাতিলের দাবি করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।









