আজ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রবিবার (১০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে চেতনা একাত্তর ঘুরে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে গোলচত্বর সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় ছাত্রলীগের সিনিয়র নেতা মুশফিকুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ, সহ-সম্পাদক নিউটন চন্দ্র দাসসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, ‘১৯৭২ সালের এদিনে বাঙালি জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভের পর স্বদেশে ফিরে আসার এদিনটি তাই বাংলাদেশের জন্মের ইতিহাসের আরেক আশীর্বাদ।’ আর এ আশীর্বাদকে পুঁজি করে সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তার স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। এজন্য এ দিনটিতে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।









