শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফির্সাস অ্যাসোসিয়েশন’ এর নির্বাচনে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম (উজ্জ্বল) নির্বাচিত হয়েছেন।
রবিবার (৩১ জানুয়ারি) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ.এফ.এম. সালাউদ্দিন। নির্বাচনের ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান ও হিসাবরক্ষক কর্মকর্তা তাপস তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. হেলাল হোসেন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক হিসাবরক্ষণ কর্মকর্তা অশোক বর্মন অসীম এবং কোষাধ্যক্ষ প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
এছাড়াও কমিটিতে ৬ কার্যনির্বাহী সদস্য (সর্বোচ্চ ভোটপ্রাপ্তির আলোকে যথাক্রমে) হিসেবে নির্বাচিত হয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান, উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার, উপ-রেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, আইটি ম্যানেজার এ এস এম খয়রুল আক্তার চৌধুরী ও অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন।
জানা যায়, নির্বাচনে আওয়ামীপন্থী কর্মকর্তাদের তাজিম-উজ্জল প্যানেল থেকে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও ৩টি সদস্যপদে জয় পেয়েছে। অপরদিকে বিএনপি-জামায়াতপন্থী কর্মাকর্তাদের মুর্শেদ-পারভেজ প্যানেল থেকে শুধুমাত্র ৩টি সদস্যপদে জয়লাভ করেছে। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৬০ জন ভোটারের মধ্যে ২৫৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।









