বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সবাই সন্ত্রাসবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর রাতের আধারের সশস্ত্র হামলা ও নারী শিক্ষার্থীদের লাঞ্চনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
এছাড়াও, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করে সন্ত্রাসীদের অঙ্কুরে বিনষ্ট করার জোর দাবিও তোলা হয় এ মানববন্ধনে।









