হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে কালো ব্যাজ ধারণপূবর্ক প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের নেতৃত্বে প্রক্টর, রেজিস্ট্রারসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র সংগঠন প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯.৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্রমান্বয়ে শিক্ষকদের সংগঠন, শাখা ছাত্রলীগ, সাংবাদিক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, হল সুপার কাউন্সিল, বিভিন্ন বিভাগ এবং অন্যান্য সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোষাধ্যক্ষের বাণী পাঠএন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ মিনারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।









