নানা আয়োজনের মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এদিন সকাল পৌনে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট এবং সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম আলোচনা সঞ্চালনায় সভায় উপাচার্য প্রধান অতিথি ছিলেন।
সেখানে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কর্মের ওপর বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রো-ভিসি অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্ বক্তৃতা প্রদান করেন। উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের এবং শেখ রাসেল মডেল স্কুল শিক্ষার্থীদের জন্য শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পৃথক অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ থেকে প্রশ্ন করা হয়।
দুপুর ১২টায় রহমতুন্নেসা হলে ও বিকেল পাঁচটায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ‘বঙ্গবন্ধু কর্নার’ উপাচার্য এম আব্দুস সোবহান উদ্বোধন করেন। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাতটায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ৭ মার্চের রচনা প্রতিযোগিতা ও ১৭ মার্চের কুইজ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনের পুরস্কার বিতরণ করা হয়। পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।









