বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীতে উদ্বোধন করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনির্মিত মেডিক্যাল সেন্টার।
বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভনের নিচ তলায় মেডিক্যাল সেন্টার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
নবনির্মিত এই মেডিক্যাল সেন্টারে ছেলে মেয়েদের জন্য আলাদা দুইটি ওয়ার্ড, ডাক্তারদের বসার কক্ষ এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি রয়েছে।
এর আগে সকাল ১১টায় থার্মেক্স গ্রুপের অর্থায়নে গণিত বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন করেন উপাচার্য। থার্মেক্স গ্রুপের অর্থায়নে ৫০টি কম্পিউটারসহ ল্যাব ও কনফারেন্স রুম এবং শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুমসহ মোট দুইটি ক্লাস রুমের আধুনিকায়নের কাজ করা হয়।
এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে বিশেষ ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও কলাভবনের নিচতলায় উদ্বোধন করা হয়েছে প্রকাশনা উপকরণ বিক্রয় কেন্দ্র।
এসময় উপচার্যের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামালসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।









