স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রত্যাখ্যান করে তার কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে দাবি করেছে ছাত্র ফেডারেশন। ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা জানিয়েছেন মঙ্গলবার (২৩ মার্চ) পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসিতে কুশপুত্তলিকা কেড়ে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা।
তিনি বলেন, আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি করার জন্য এসে প্রস্তুতি নিচ্ছিলাম। এমতাবস্থায় ছাত্রলীগের একাংশ আমাদের কাছ থেকে জোরপূর্বক কুশপুত্তলিকা কেড়ে নিয়ে মোটর সাইকেলে করে শহীদ মিনার এলাকার দিকে চলে যায়। তবে ছাত্রলীগের কোন অংশ আমরা তা চিনতে পারিনি।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।
পরে দুপুর সাড়ে বারোটায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শামছুন্নাহার হল-রোকেয়া হল-রাজু ভাস্কর্য হয়ে আবার টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা ও ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন।
সমাবেশে গোলাম মোস্তফা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাম্প্রদায়িক কোনও ব্যক্তিকে আমরা স্বাগত জানাতে পারিনা। তাকে আমরা প্রত্যাখ্যান করছি।









