জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের পার্শ্ববর্তী সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন 'ইয়ুথ ফর সোশ্যাল এইড' (ইফসা)।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায়, বিশ্ববিদ্যালয়ের দোকানদার, আবাসিক হলের কর্মচারী, দিনমজুর, রিকশাচালক ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।
ইফতার সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে এক লিটার তেল, এক কেজি করে ছোলা, ডাল, চিনি এবং আধা কেজি করে মুড়ি, খেজুর ও সেমাই দেওয়া হয়। এছাড়া ২ প্যাকেট করে নুডলসও দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সদস্য কর্তৃক আর্থিক সহযোগিতায় প্রথম পর্যায়ে ৩০টি পরিবারের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আবারও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির জাবি শাখার সভাপতি মো. আতিফ।
তিনি বলেন, 'করোনা ভাইরাস মহামারির এই পরিস্থিতিতে দিন মজুর, সুবিধাবঞ্চিত দেশের বেশিরভাগ পরিবারগুলো ভয়াবহ খাদ্যসঙ্কটের মধ্যে রয়েছে। আর এজন্যই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন উপার্জন বন্ধ থাকা এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিতে ইফতার সামগ্রী বিতরণ করেছি।'
ইফতার সামগ্রী বিতরণের সময় কেন্দ্রীয় সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির তত্ত্বাবধায়ক আবু নাহিয়ানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।








