নানা আয়োজনে কবি নজরুল সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও বেলা ১১টায় অনলাইনে আলোচনা সভা এবং দুপুর ১২টায় পুস্তক পাঠের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম, উপাধ্যক্ষ অধ্যাপক ড. খালেদা নাসরিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এ.বি.এস.এ সাদী মোহাম্মদ, কবি নজরুল সরকারি কলেজের সব বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
১ আগস্ট শোক দিবসের কর্মসূচি শুরু হয়। ৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়। ৯ আগস্ট কলেজের বাংলা বিভাগ কর্তৃক ‘বাংলা কবিতার বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ১১ আগস্ট বঙ্গবন্ধু রচিত এবং বঙ্গবন্ধু সম্পর্কিত পুস্তক ক্রয় করা হয়।
এ ছাড়া ১২ আগস্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড এবং জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ, পোস্টার প্রদর্শনী এবং কলেজের ওয়েবসাইটে বঙ্গবন্ধু রচিত ও বঙ্গবন্ধু সম্পর্কিত গ্রন্থের স্লাইড শো প্রদর্শন করা হয়।









