রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনে প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৪-৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয় ২৫ নভেম্বর। পরে দুই দফা ভর্তির সময়সীমা বাড়িয়ে ১৫ ডিসেম্বর নেওয়া হয়। আসন খালি থাকায় পরবর্তীতে ১৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চালানো সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি কার্যক্রম শেষ না করে ক্লাস শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস প্রাঙ্গণ। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাদের চোখে-মুখে ছিল অন্যরকম আবেগ।
মঙ্গলবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের সামনে দেখা যায়, হাতে হাতে রজনীগন্ধা ফুল নিয়ে বের হচ্ছেন নবীন শিক্ষার্থীরা। তাদের চোখে-মুখে আনন্দ। পরিচিতি পর্ব শেষে অনেকে বড়ভাইদের সঙ্গে বসে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে আড্ডায় মেতে উঠেছেন। ক্যাম্পাসের শহীদ মিনার, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।
ইবলিশ চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন একদল নবীন শিক্ষার্থী। কথা বলে জানা গেলো, তারা দর্শন বিভাগে ভর্তি হয়েছেন।
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে শহিদুর রহমান বলেন, অনুভূতিটা কেমন ভাষায় প্রকাশ করতে পারছি না। নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হচ্ছে। বিভাগের ও এলাকার বড় ভাইদের সঙ্গে ঘুরছি। সব মিলিয়ে অন্যরকম অনুভূতি।
গ্রাফিক্স বিভাগে ভর্তি হওয়া শিফা বলেন, আমার বাড়ি রাজশাহীতে। বাবাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগে পড়েছেন। ফলে বাবার সঙ্গে অনেকবার আসা হয়েছে। সত্যি কথা বলতে, আমার বাবার সঙ্গে এসে ক্যাম্পাসের প্রেমে পড়ে গেছি। প্যারিস রোড, শহীদ মিনার, বধ্যভূমিসহ বিভিন্ন স্থাপনা আমাকে বিমোহিত করে। আজ আমি এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, ভাবতেই অন্যরকম ভালো লাগছে।
এ তো গেল আবেগের কথা। অনেকে নিজের জন্য দেশের জন্য ভালো কিছু করার স্বপ্নের জাল বুনছেন। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে রজনীগন্ধা হাতে হাঁটছিলেন রংপুর থেকে আসা মুজনাবিন ফিমা। রাবির আরবী বিভাগের নবীন এই শিক্ষার্থী বলেন, ‘পরিশ্রম ও মা-বাবার দোয়ায় আজ এখানে আসতে পেরেছি। এই পরিশ্রম অব্যাহত রেখে একজন মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবো। যাতে পরিবার ও দেশের জন্য কাজ করতে পারি।’
এদিকে নবাগতদের আগমনকে কেন্দ্র করে যাতে র্যাগিংয়ের ঘটনা ঘটে, সেজন্য তৎপর বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে মাইকিং করে র্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলে ঘোষণা দেওয়া হয়।
নবীনদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে রাবি ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় নবীনদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে স্লোগান দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।









