রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে আহ্বায়ক পদের এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনা অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, এবারের প্রগতিশীল শিক্ষক সমাজের ৫৫১ জন সদস্য তাদের ভোট প্রয়োগ করেছেন। তাদের মধ্যে ২৫৫ ভোট পেয়ে আহ্বায়ক পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক খলিলুর রহমান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল শিক্ষক সমাজের বর্তমান কমিটির কো- কনভেনার তারিকুল হাসান ২২১ ভোট পেয়েছেন। এ ছাড়া বাংলা বিভাগের অধ্যাপক সুজিৎ সরকার ৫৫ ভোট এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মুন্সি মঞ্জুরুল হক ১৬ ভোট পেয়েছেন। চারটি ভোট বাতিল হয়েছে। ১১৯ জন অনুপস্থিত ছিলেন।
এর আগে ২৪ ফেব্রুয়ারি প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সমর্থিত প্যানেল আহ্বায়কসহ চারটি পদে জয় লাভ করেন। বাকি ১৬ পদে জয় পায় দুর্নীতি বিরোধী শিক্ষকরা।
তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৩ নভেম্বর অধ্যাপক হাবিবুর রহমান আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নেন। এতে আহ্বায়কের পদটি শূন্য হয়ে যায়। এর প্রেক্ষিতে নতুন করে আহ্বায়ক পদে নির্বাচন হলো।









