হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সব আবাসিক হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু করা হয়েছে ‘ফার্স্ট এইড কর্নার’। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে রবিবার (২৩ জানুয়ারি) আবাসিক হলের সুপারদের হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেন ভিসি প্রফেসর ড. এম কামরুজ্জামান।
চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ওয়েট মেশিন, প্রেসার মাপা মেশিন, নেবুলাইজার, থার্মোমিটার, ব্যান্ডেজ ও অক্সিমিটার। এ সময় হলের সার্বিক পরিবেশ ঠিক রাখতে সুপারদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
ভিসি প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই অতিমারির সময়েও হল খোলা রাখা হয়েছে। তাই এই সময়ে তাদের স্বাস্থ্যবিধি মানার কোনও বিকল্প নেই।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ধাপে ধাপে আরও চিকিৎসা সামগ্রী বিতরণসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি সব বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এদিকে, হাবিপ্রবি প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আবাসিক হলের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে দ্রুত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।








