জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজাসহ তিন জন বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, মোবাইলফোনসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশ থেকে তাদের আটক করে কয়েকজন শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন- মনসুর খান, রমজান আলী ও আব্দুল আলীম।
এদের মধ্যে মনসুর খানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়, রমজান আলীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ও আব্দুল আলীমের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে। বর্তমানে তারা সবাই গেরুয়ায় ভাড়া বাসায় থাকেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘গাঁজাসহ তাদের আটক করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী। আমাদের ফোন করে জানানো হলে আমরা তাদের নিরাপত্তা শাখায় নিয়ে আসি। এরপর তাদের পুলিশের হাতে সোপর্দ করি।’









