সম্প্রতি একটি সমীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার এক উদ্বেগজনক চিত্র ওঠে আসার পর হতাশামুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন ও শপথ গ্রহণ অনুষ্ঠান করেছে সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ শপথ গ্রহণ করেন তারা। এর আগে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত একটি র্যালি করে আঁচল ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস আমানুল্লাহ, যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান শান্তা, আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ প্রমুখ।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন তাওহিদা জাহান শান্তা। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, "প্রতিটি মানুষেরই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। মনের যত্ন নেওয়ার বিকল্প নেই। এই কাজটি আমাদের করার কথা ছিলো, কিন্তু আমাদের সমাজের তরুণরা এর গুরুত্ব উপলব্ধি করে এই উদ্যোগটি গ্রহণ করেছে। এই ধরনের গবেষণা এবং উদ্যোগ আরও বেশি বেশি নেওয়া উচিত। এখানে উপস্থিত পঞ্চাশ জন তরুণ আজ যদি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হয় তবে তার সঙ্গে সচেতন হবে পঞ্চাশটি পরিবার।"
আঁচল ফাউন্ডেশনের সভাপতি তানসেন রোজ বলেন, "আমরা দেখছি আত্মহত্যার হার ধারাবাহিকভাবে বেড়েই চলছে। করোনার প্রভাবের পাশাপাশি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে। এর ফলেই আত্মহত্যার সংখ্যায় এ পরিবর্তন হয়েছে বলে আমরা মনে করি। আত্মহত্যা রোধ করতে অন্যদের পাশাপাশি আমাদের তরুণদেরও ভূমিকা পালন করতে হবে। সারাদেশের শিক্ষার্থী ও তরুণদেরকে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ। প্রতীকী শপথ গ্রহণের মাধ্যমে সেই বার্তাটাই সবার দুয়ারে ছড়িয়ে দিতে চাই।"









