ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণদের একটি অংশ।
রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনকারীরা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের প্রতি আহ্বান জানান। দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া এবং আজকের মধ্যে কোনোরকম আশ্বাস দেওয়া না হলে অনশনে যাবেন বলে জানান তারা।
কাপাসিয়া কলেজের শিক্ষার্থী মারুফ বিল্লাহ বলেন, ‘আমাদের কোনও দাবি বিশ্ববিদ্যালয়গুলো মেনে নেয়নি। আমরা চাই আমাদের আর একবার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হোক। ইউজিসি, শিক্ষামন্ত্রী এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমাদের দাবিতে সমর্থন জানিয়েছেন। পৃথিবীর অন্যান্য দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে। দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
চট্টগ্রাম সীতাকুণ্ড ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. শাহরিয়া ইলিয়াস মাহিন বলেন, ‘পৃথিবীর বড় বড় সব বিশ্ববিদ্যালয়েই সেকেন্ড টাইম আছে। শুধু আমাদের দেশেই নেই। যা বৈষম্যমূলক আচরণ। আমাদের অধিকার ফিরিয়ে দিন। ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ দিন।’









