গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে। প্রগতিশীল বিভিন্ন সংগঠনের সম্মিলিত জোট এই কর্মসূচি আয়োজন করে।
এর আগে রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন তারা। এসময় তারা দ্রুততম সময়ে ধর্ষণকারীদের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। তাদের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।
সমাবেশ শেষে একটি মশাল মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
সমাবেশে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সংগঠনের সংগঠক জান্নাতুল মাওয়া বলেন, ‘এই ঘটনা যে শুধু ঢাকায় ঘটছে তা না। এই ঘটনা গোপালগঞ্জ, রাজশাহী,চট্টগ্রামসহ প্রায় সব জায়গায় ঘটছে।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের(মার্কসবাদী) অর্থ-সম্পাদক প্রগতি বর্মন তমা বলেন, ‘যে সমাজ মানুষের জন্য নিরাপদ না, সে সমাজ নারীর জন্যও নিরাপদ না।’
এসময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সহ সভাপতি সাইদুল হক, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নিতু সরকার, নারী মুক্তি কেন্দ্রের প্রেসিডেন্ট সীমা দত্ত, বিল্পবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ চা শ্রমিক আন্দোলন এর নেত্রী খাইরুন আক্তার, পাহাড়ী ছাত্র পরিষদের তথ্য প্রযুক্তি সম্পাদক রিপন চন্দ্র চাকমাসহ প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।









