ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মাসি অনুষদের দুটি ব্যাংক হিসাবের চেক বই চুরি করে ১০ লাখ ৭৬ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনায় অনুষদের দুই কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুজন হলেন– ফার্মাসি অনুষদের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও অফিস সহায়ক মো. সুজন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, বিভাগ তাদের আটক করে খবর দিলে আমরা গিয়ে গ্রেফতার করি। যেহেতু দুর্নীতি সংক্রান্ত বিষয়, তাই আমরা বিষয়টি অবহিত করে দুদকে চিঠি দিয়েছি। তাদের আগামীকাল আদালত পাঠানো হবে।
ফার্মাসি অনুষদ থেকে পাওয়া নথির তথ্য অনুযায়ী, অগ্রণী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় পরিচালিত ফার্মাসি অনুষদের উন্নয়ন তহবিলের হিসাব থেকে সাত লাখ ৭৬ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় ফার্মাসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের হিসাব থেকে তিন লাখ টাকা সরানো হয়েছে। ২০২০ সালের মার্চ থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে এই টাকা সরানো হয়। চেকে টাকা তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অনুষদের সদ্য সাবেক ডিন এস এম আবদুর রহমানের সই। এই শিক্ষক দাবি করেছেন, তার সই নকল করা হয়েছে।
চুরির বিষয়টি নজরে আসার পর গত ১০ জানুয়ারি ফার্মাসি বিভাগের চেয়ারম্যান ফিরোজ আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন তৎকালীন ডিন আবদুর রহমান। কমিটির প্রতিবেদনে দুজনকে সন্দেহ করা হয়েছিল। তদন্ত কমিটি এই ঘটনায় নিয়মিত মামলার সুপারিশ করেছিল। গত ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে মামলা করার সিদ্ধান্তটি অনুমোদিত হয়। এরপর আজ দুজনকে গ্রেফতার করা হলো।









