ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আখলাকুজ্জামান অনিক নামের মাস্টার্সের এক শিক্ষার্থীর রুমে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতম আহত করার অভিযোগ ওঠেছে ওই হলের জুনিয়রদের বিরুদ্ধে।
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। তিনি জানান, বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
ভুক্তভোগী শিক্ষার্থী আখলাকুজ্জামান অনিক জানান, ১০-১২ জনের একটি চক্র হামলা চালায়। তবে প্রাথমিকভাবে তিনি চারজনের নাম জানিয়েছেন। এদের তিনজনই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হল ছাত্রলীগ সভাপতি সজিবুর রহমান সজীবের অনুসারী।
তিনি জানান, আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে আনুমানিক দশ থেকে ১২ জন আমার কক্ষে ঢুকে অতর্কিত হামলা করে। এসময় তারা স্ট্যাম্প দিয়ে এলোপাথাড়ি আঘাত করে আমাকে।
অনিক বলেন, আহত অবস্থায় আমার বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের সহযোগিতায় ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা নিই। হামলায় দশ থেকে বারো জন অংশগ্রহণ করে। এর মধ্যে শুধু ৪ জনকে চিনতে পারি।
এ বিষয়ে ওই হল ছাত্রলীগ সভাপতি সজিবুর রহমান সজীব বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে হল প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে। এক্ষেত্রে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির জানান, এ বিষয়ে আমি শুনেছি। ইতোমধ্যে দায়িত্বরত শিক্ষককে সেখানে পাঠিয়েছি। তিনি কথা বলেছেন। তবে এখনও লিখিত কোনও অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ আসলে আমরা তদন্ত সাপেক্ষে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেব।'
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আশিকুর রহমান লিয়ন বলেন, 'আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। সুষ্ঠু তদন্তের জন্য বিভাগ থেকে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসন বরাবর লিখিত চিঠি পাঠিয়েছি। আজ অফিস বন্ধ আগামীকাল চিঠি পৌঁছে যাবে।'









