ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম হাফেজ মাওলানা নাজীর মাহমুদ।
শুক্রবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, কেন্দ্রীয় মসজিদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল সাড়ে ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। আজিমপুরস্থ ঢাবি আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদেও সকাল ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।
চলমান করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের এসব জামাত অনুষ্ঠিত হবে।
সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান উপাচার্যের:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষ্যে তিনি সকলের অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
এদিন সকালে এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, ‘ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব সবার মধ্যে। গড়ে তোলে পারস্পরিক সৌহার্দ, ভ্রাতৃত্ববোধ, পরমতসহিষ্ণুতা ও সম্প্রীতি। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আত্মশুদ্ধির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা সকলের জীবন আনন্দে পরিপূর্ণ করে তুলবে।’
করোনাভাইরাস সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদ-উল-আযহা উদযাপনের জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি।
উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর সৎ, সাহসী ও দক্ষ নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসায়-বাণিজ্য, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে সাফল্য ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।’









