ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধান ফটকের সামনে মহাসড়কে ছিনতাইয়ে জড়িত আরও এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম আল আমিন হোসেন। তিনি বায়োমেডিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
শনিবার (২৩ জুলাই) রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানা যায়। ওই ছাত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগের অনুসারী।
সূত্র জানায়, গত সোমবার (১৮ জুলাই) মধ্যরাতে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকি কাব্য ও বায়োমেডিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আল আমিন হোসেন ছিনতাই করেন। তারা ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মালবাহী একটি ট্রাকের গাড়ির চালক ও সহযোগীকে মারধর করে পাঁচ হাজার টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নেন।
বিষয়টি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম ও সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন কাব্য ও তার সহযোগীরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দেশীয় অস্ত্রসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যান। পরে তাকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে একই ঘটনায় কাব্যকেও সাময়িক বহিষ্কার করা হয়।









