কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক রেজিস্ট্রার ড. মো. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার না পেয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তৃতীয় শ্রেণির কর্মকর্তা পরিষদের সভাপতি দীপক চন্দ্র মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয় একটি পরিবার। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই মিলেমিশে থাকতে চাই। রেজিস্ট্রার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি কাউকে হুমকি দিতে পারেন না। হুমকি দেওয়ার ১৫ দিন হয়ে গেলো অথচ কোনও বিচার পাইনি। আমরা আন্দোলন করতে আসিনি। আমরা শান্তিতে কাজ করতে চাই।
কুবি বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি জসিম উদ্দীন বলেন, আমি রেকর্ড শুনে অবাক হয়েছি, স্যার এভাবে কথা বলেন কীভাবে। স্যার একজন সর্বোচ্চ শিক্ষক। আমরা বিশ্ববিদ্যালয়ের সেবার কাজে নিয়োজিত। সেবা করতে এসে যদি কারো হেনস্তার শিকার হই তাহলে অবশ্যই আমরা উপাচার্য স্যারের কাছে বিচার চাইবো।









