জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন হলের ভারপ্রাপ্ত পাঁচ প্রভোস্টকে স্থায়ী নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। রবিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিন্ডিকেট সদস্য সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভায় প্রায় চার বছর ধরে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করা সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসানকে প্রক্টরের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আল-বেরুণী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ রফিক-জব্বার হল, শহীদ সালাম-বরকত হল, আ ফ ম কামালউদ্দীন হল ও মাওলানা ভাসানী হলের প্রভোস্টদের স্থায়ীভাবে নিয়োগের সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘সিন্ডিকেট সভায় ভারপ্রাপ্ত প্রক্টরকে এক বছরের জন্য স্থায়ী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আল-বেরুণী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ রফিক-জব্বার হল, শহীদ সালাম-বরকত হল, আ ফ ম কামালউদ্দীন হল ও মাওলানা ভাসানী হলের প্রভোস্টদের দুই বছরের জন্য স্থায়ীভাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।’
পূর্ণ দায়িত্ব পাওয়ার পর অভিব্যক্তি জানাতে গিয়ে প্রক্টর ফিরোজ-উল-হাসান বলেন, ‘দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আগামী এক বছর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও অ্যাকাডেমিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করবো।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অধিক দায়িত্বশীল ও গতিশীল করতে সবকিছু করা হবে। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে গত ২৬ অক্টোবর ‘জাবি প্রশাসনে ভারপ্রাপ্তের ‘ভূত’ ও এর আগে গত ৪ এপ্রিল ‘২২ ভারপ্রাপ্ত দিয়ে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়। এরপর এই ছয় কর্মকর্তা ভারমুক্ত হয়েছেন।









