রাজধানীতে মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মো. রাজু আহমেদ (১৯) নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।
শনিবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে পুরান ঢাকার নারিন্দার একটি মেস থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। তার গ্রামের বাড়ি পঞ্চগড়।'
রাজুর রুমমেট মো. শরিয়তুল্লাহ জানান, তারা নারিন্দা কাঁচাবাজার চিনি টুকরা মসজিদের পাশে একটি বাড়ির পঞ্চম তলায় মেস করে থাকেন। ঈদের ছুটি কাটিয়ে শনিবার বিকালে গ্রাম থেকে ঢাকায় আসেন রাজু। মেসে এসে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে রাজুর হঠাৎ শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজুর সহপাঠীরা জানান, রাজুর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারীতে। উপজেলার রামপুর গ্রামের আকতারুল ইসলামের বড় সন্তান ছিলেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনও তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।









