কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নির্মাণাধীন দ্বিতীয় ক্যাম্পাসের সীমানাপ্রাচীর ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত নূর আলম বাবুলের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়নসহ সাত দফা দাবি জানান শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয়ের দেয়াল ভাঙার অপরাধে বাবুলসহ তার সহযোগীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ক্যাম্পাসের সমতল ভূমি থেকে যারা মাটি চুরি করে ১৫০টি কূপ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের কষ্ট দূর করার জন্য সচেষ্ট হতে হবে। নতুন ক্যাম্পাসে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষিত পুলিশ ফাঁড়ির দ্রুত বাস্তবায়ন করতে হবে। নতুন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার জন্য নিজস্ব নিরাপত্তাপ্রহরীর ব্যবস্থা করতে হবে। চলমান সীমানাপ্রাচীর নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। কোনও অদৃশ্য শক্তি যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের ব্যাঘাত ঘটাতে না পারে সেই নিশ্চয়তা দিতে হবে।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে নতুন ক্যাম্পাসের সীমানাপ্রাচীর ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত নূর আলম বাবুলের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।
এর আগে গত সোমবার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় ক্যাম্পাসের মুজাহিদনগর মাদ্রাসার পাশের অংশে সীমানাপ্রাচীর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল ও ইঞ্জিনিয়ার সেখানে গেলে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ভাঙচুরকারীরা। পরে পুলিশ আসলে ভাঙচুরকারীরা পালিয়ে যান। এ সময় তাদের ব্যবহৃত জিপগাড়ি জব্দ করে পুলিশ।









