সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের এক দফা দাবিতে গণ-অনশনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
রবিবার (২০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাত কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ কথা জানানো হয়।
শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মোখলেসুর রহমান রবিন বলেন, ‘আমাদের প্রতি পরীক্ষার ফল প্রকাশ করতে ৮ থেকে ৯ মাস সময় নেওয়া হয়। এটি আমাদের শিক্ষাজীবনকে বিলম্বিত করছে। ফল প্রকাশে সময়সীমা তিন মাসে নামিয়ে আনা হোক।’
তিনি বলেন, ‘আমরা পরবর্তী বর্ষের প্রস্তুতির জন্য ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিয়ে থাকি। তাই সামান্য সিজিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সব বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। নির্ধারিত সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।’
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার মধ্যে দাবি পূরণের আশ্বাস না পেলে পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণ-অনশন করতে বাধ্য হবেন তারা।
এ সময় সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









