জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাকাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে মুক্তমঞ্চে সব ধরনের অনুষ্ঠান রাত ১০টার মধ্যে সম্পন্নের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতকালে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের রিইউনিয়নের অনুষ্ঠানগুলো প্রায় মধ্যরাত পর্যন্ত মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বলে অ্যাকাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে ক্যাম্পাসে অপরাধমূলক কাজে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে এবং অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হয়। এই পরিপ্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান প্রতি তিন বছরে একবার আয়োজন করা যাবে। সাবেক ও বর্তমান ব্যাচগুলোর বর্ষপূর্তি কিংবা রিইউনিয়নের অনুষ্ঠান করা যাবে না। এছাড়া রাত ১০টার পর কোনও সংগঠন অনুষ্ঠান করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি ওই সংগঠনকে কালো তালিকাভুক্ত করে ভবিষ্যতে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’এর ৫ (ধ) ও (য়) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনও প্রকার অনুষ্ঠান আয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং ছাত্র-ছাত্রীর পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হয়, এমন চিত্তবিনোদনের বিষয়ে নিষেধাজ্ঞা আছে। তবে করোনা পরবর্তী আয়োজিত অধিকাংশ অনুষ্ঠানে শৃঙ্খলাবিধি মানা হয়নি। এসব অনুষ্ঠানে রাতভর উচ্চশব্দে সাউন্ড বক্স ব্যবহার করে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাতের পাশাপাশি উচ্চশব্দের আতশবাজির ব্যবহার করা হয়েছে।
নতুন নির্দেশার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘শীতকালে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের অনেকেই বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে চলে যান। কিন্তু এর যে প্রভাব বিশ্ববিদ্যালয়ে পরে সেটা নিয়ে কেউ চিন্তাও করে না। বড় সঙ্কটের জায়গা হলো, অনেকের কাছে সন্ধ্যা হয় রাত ১২টায়। মূল প্রোগ্রাম শুরু করে রাত ১২টার পর এবং সেটা সারা রাত ধরে চলতে থাকে। এটি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। এতে করে অ্যাকাডেমিক এবং প্রাকৃতিক পরিবেশ মারাত্মক ক্ষতি হয়। সবার মঙ্গলের কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় এই নোটিশটা দিয়েছে। এটি বাস্তাবায়নে সবার সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, ‘শিক্ষা ও গবেষণার জন্য শিক্ষার্থীরা প্রায় সারা দিনই বিশ্ববিদ্যালয়ে থাকে। রাতে তাদের পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। সেই আলোকে ও বিভিন্ন বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের এই কাজ বাস্তবায়নে সব শিক্ষার্থীরা সহযোগিতা প্রয়োজন।’









