রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ‘অথরিটি’ (ডিন-সিন্ডিকেট) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ প্যানেল। পাঁচটি ক্যাটাগরির ৩৯ পদের ৩৩টিতে হলুদ প্যানেলের প্রার্থীরা এবং ছয়টিতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে সাদা প্যানেলের নির্বাচিত ছয় জনের মধ্যে দুই জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশনার অধ্যাপক সৈয়দ এম এ ছালাম এবং রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আবদুস সালাম এ ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতিতে মোট ভোটার ছিলেন এক হাজার ২৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৯২৪ জন। ভোট বাতিল হয়েছে ২৯টি।
শিক্ষক সমিতি নির্বাচন
শিক্ষক সমিতি নির্বাচনে ১৫টি পদে এক বছরের জন্য ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের’ (হলুদ প্যানেল) মনোনীত সব প্রার্থী নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হবিবুর রহমান। তিনি ভোট পেয়েছেন ৬০৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ফোকলোর বিভাগের অধ্যাপক আখতার হোসেন পেয়েছেন ২৮৪ ভোট। হলুদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ওমর ফারুক সরকার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক সাবিরুজ্জামান পেয়েছেন ৩১৯ ভোট।
এছাড়া হলুদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ টি এম কামরুল হাসান, কোষাধ্যক্ষ পদে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক পার্থ বিপ্লব রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার নির্বাচিত হয়েছেন।
হলুদ প্যানেল থেকে সদস্য পদে ১০ জন নির্বাচিত সদস্য হয়েছেন। তারা হলেন ইনস্টিটিউট অব আদার ল্যাঙ্গুয়েজ বিভাগের শারমিন আক্তার, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের এ এইচ এম হেদায়েতুল ইসলাম চন্দন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের ড. আব্দুস সাত্তার, ফার্মেসি বিভাগের ড. আব্দুল কাদের, দর্শন বিভাগের ড. আফরোজা সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের তানজির আহম্মদ তুষার, ফলিত গণিত বিভাগের ড. আলী আকবর, গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্প কলা ইতিহাসের ড. এ এইচ এম তাহমিদুর রহমান, এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ড. মেসবাউস সালেহীন ও গণিত বিভাগের সাজুয়ার রায়হান।
ডিন নির্বাচন
বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের ডিন নির্বাচনে হলুদ এবং সাদা উভয় প্যানেল থেকে ছয় জন করে নির্বাচিত হয়েছেন। হলুদ প্যানেল থেকে নির্বাচিত ডিনরা হলেন আইন অনুষদে আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদে নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদে এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদে এস এম এক্রাম উল্যাহ, প্রকৌশল অনুষদে বিমল কুমার প্রামাণিক ও ভূ-বিজ্ঞান অনুষদে এএইচএম সেলিম রেজা।
অন্যদিকে সাদা প্যানেল থেকে নির্বাচিত ডিনরা হলেন কলা অনুষদে মোহাম্মদ বেলাল হোসেন, জীববিজ্ঞান অনুষদে গোলাম মোর্ত্তুজা, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে খন্দকার মো. মোজাফফর হোসেন ও ফিশারিজ অনুষদে মোস্তাফিজুর রহমান। এছাড়া সাদা প্যানেলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন দুই জন ডিন। তারা হলেন কৃষি অনুষদে অধ্যাপক আরিফুর রহমান ও চারুকলা অনুষদে অধ্যাপক মোহাম্মদ আলী।
সিন্ডিকেট নির্বাচন
সিন্ডিকেট নির্বাচনে পাঁচটি পদের সব কটিতেই হলুদ প্যানেল জয় পেয়েছে। এতে প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ এ কে এম মাহমুদুল হক, অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের হাসান মাহমুদ, সহযোগী অধ্যাপক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের খালিদ বিন ফেরদৌস, সহযোগী অধ্যাপক পদে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের রাকিবুল ইসলাম। এছাড়া প্রভাষক পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের রিজু খন্দকার।
পরিকল্পনা ও উন্নয়ন কমিটি নির্বাচন
পরিকল্পনা ও উন্নয়ন কমিটির নির্বাচনে একটি মাত্র পদে হলুদ প্যানেল থেকে মনোনীত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কালাম ফজলুল হক নির্বাচিত হয়েছেন।
শিক্ষা পরিষদ
শিক্ষা পরিষদের ছয়টি পদে সাদা প্যানেলের ও স্বতন্ত্র প্রার্থী না থাকায় হলুদ প্যানেলের মনোনীত ছয় জন শিক্ষক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মো. মনিরুজ্জামান, নৃবিজ্ঞান বিভাগের মোস্তাফিজুর রহমান, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ইমতিয়াজ আলম। সহকারী অধ্যাপক ছাড়া ক্যাটাগরিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মুহাম্মদ কামরুল হাসান, বাংলা বিভাগের গৌতম গোস্বামী এবং চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাজিয়া আফরিন নির্বাচিত হয়েছেন।









