খিচুড়ির সঙ্গে পচা ডিম দেওয়ার অভিযোগে আবারও ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে অবস্থিত ঢাকা বিরিয়ানি হাউজ সিলগালা করে দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ওই দোকানে খেতে আসা শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে বিরিয়ানি হাউজটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন, ইয়ামিন মাসুম, মো. নাসির মিয়া এবং নিরাপত্তা শাখার সদস্যরা। এর আগে গত ১৫ মে বাসি খাবার বিক্রির অভিযোগে দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছিল।
খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার রাতে দুজন শিক্ষার্থী দোকানটিতে রাতের খাবার খেতে আসেন। এ সময় খিচুড়ির সঙ্গে পচা ডিম দেওয়া হয় তাদের। দোকানের কর্মচারীকে তাৎক্ষণিক ডেকে দেখালে তিনি এজন্য ক্ষমা চান। এ অবস্থায় দোকানের মালিককে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু দোকানের মালিক প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে দেখা করেননি। পরে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে হোটেলটি সিলগালা করে দেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ হোসেন বলেন, ‘এর আগেও ঢাকা বিরিয়ানি হাউজের বিরুদ্ধে পচা খাবার দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল। তখন হোটেলটি সিলগালা করে দিয়েছিলাম। ভবিষ্যতে এমন হবে না মর্মে প্রতিশ্রুতি দেওয়ায় পরে সেটি খুলতে বলা হয়েছিল। কিন্তু আবারও অভিযোগ পেয়ে এখানে আসলে দোকানের কর্মচারীরা পচা ডিমের বিষয়টি স্বীকার করেন। তাই আমরা দোকানটি বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে প্রক্টরের সঙ্গে কথা বলে দোকানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’








